বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ, যান্ত্রিক ত্রুটিতে একে একে বন্ধ দুই ইউনিট, মেরামতে চীনা প্রকৌশলীরা

তাজ উদ্দীন
অক্টোবর ৭, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও পুরোপুরি উৎপাদনহীন হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে চালু থাকা দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির তিনটি ইউনিটই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন থেকে পুরোপুরি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে ইউনিটটি বন্ধ হওয়ার পর থেকে এখনো সেটি উৎপাদনে ফিরতে পারেনি।

এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে থাকা প্রথম ইউনিটটি সোমবার ভোরে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোরে পৃথক যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে দৈনিক ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির ত্রুটি শনাক্ত করে মেরামত কাজ শুরু করা হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এ কাজে নিয়োজিত রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মেরামত সম্পন্ন করে ইউনিট দুটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

কেন্দ্রটির তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। তবে দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করার আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।