তিন মাসে প্রাণ গেল ৬৫৭ শিশুর, হাসপাতালে ভর্তির সংখ্যা ছাড়াল ৭২ হাজার।হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাম উপসর্গে আক্রান্ত এক শিশু। ফাইল ছবি
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪২ জন। মারা যাওয়া শিশুটি খুলনার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে সারা দেশে ৫৬৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ের মধ্যে মোট ৬৫৭ শিশুর প্রাণহানি ঘটেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৮৭ হাজার ৯২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ শিশু।
হামের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৭৮২ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায় শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধির এ চিত্র এখন জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
