কুষ্টিয়ার দৌলতপুরে চেকসংক্রান্ত মামলায় মো. রনি নামের এক আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকে উল্লেখিত ৯৮ হাজার টাকা নালিশকারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোস্তফা পারভেজ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত মো. রনি দৌলতপুর থানার পিয়ারপুর এলাকার মৃত আবদুল কাদের ও মৃত আনোয়ারার সন্তান। তিনি মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা মামলায় নালিশকারী পক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, চেকে উল্লেখিত ৯৮ হাজার টাকা নালিশকারী পক্ষ পাবেন। মামলার নম্বর দৌলতপুর সি. আর. ২৬২/২০২৪। রায়ের মূল নথি আদালতে সংরক্ষিত রয়েছে।
