দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, মাথায় কোপে গুরুতর আহত নারী। প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের লোকনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে যাওয়া নিয়ে নাসির ও রাজুদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় নাসির ও রাজুর গ্রুপের লোকজন হঠাৎ তাদের ওপর হামলা চালায়।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীদের সংখ্যা প্রায় ১৫ থেকে ২০ জন। তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে সাতজন আহত হন।
হামলার সময় শিখা খাতুনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হলে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—মোঃ গনি, শিখা, হোসেন, সাগর, আকাশ, রজিফা ও পলাশ।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তারা হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
