বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য পাঞ্জু মেম্বারসহ ৪ জনের কারাদণ্ড

হারুন অর রশীদ
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের সাজা। ছবি: সমতল মাতৃভূমি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইউনিয়ন পরিষদের সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু মোম্বার (৪৭), খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)।

পরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এর মধ্যে মো. পাঞ্জু মোম্বারকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রদীপ কুমার দাশ বলেন, দৌলতপুর উপজেলায় ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।