শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ভোররাতের চাঞ্চল্যকর অভিযান: ৫৪৯ বোতল মদসহ পিকআপ জব্দ, আটক ৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের সীমান্তঘেঁষা ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ৫৪৯ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন— রংপুরের পীরগঞ্জ থানার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম, প্রান্নাথপুর এলাকার তানজিমুল মণ্ডল এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা এলাকার সাইদুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। চক্রটির গতিবিধি নজরদারিতে রাখতে কয়েক মাস ধরে গোপন অনুসন্ধান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়া থানার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়কে বিশেষ তল্লাশি চৌকি বসায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধোবাউড়া থানার এসআই (নিরস্ত্র) সাকিব হাসান, এএসআই (নিরস্ত্র) শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে একটি নীল রঙের পিকআপ গাড়িকে সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে একে একে বেরিয়ে আসে ৫৪৯ বোতল বিদেশি মদ। সঙ্গে সঙ্গে পিকআপসহ পুরো চালান জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মাধ্যমে সীমান্তভিত্তিক আরও বড় কোনো চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জব্দ করা মাদক ও পিকআপ গাড়ি থানায় আনা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ