শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩৯ লাখ টাকার মাছ ও জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিম ও দুস্থদের মাঝে

পটুয়াখালী জেলা প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সামুদ্রিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান, পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান। ছবি সংগৃহীত

সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ড পটুয়াখালী কর্তৃক প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ৪ জুন বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটুয়াখালী সদর থানার টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাসের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এতিমখানা ও দুস্থদের মুখে হাসি

অভিযানে জব্দ করা মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। ফলে একদিকে যেমন অবৈধভাবে আহরিত মাছ জব্দ করা সম্ভব হয়েছে, অন্যদিকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরাও পেয়েছেন সরাসরি উপকার।

অভিযান চলবে আরও জোরালোভাবে

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও প্রজননক্ষেত্র রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় মাছ আহরণ বন্ধ রাখা গেলে সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে জেলেদের জীবন-জীবিকা ও দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করবে।

সামুদ্রিক সম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছে কোস্ট গার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।