কালীগঞ্জে সংবাদ সম্মেলনে এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে তোপ। ছবি: সমতল মাতৃভূমি
ঝিনাইদহের কালীগঞ্জে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের আয়ের উৎস নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার অভিযোগ, এনসিপির আয়ের প্রধান উৎসই হচ্ছে ‘চাঁদাবাজি’।
বুধবার দুপুরে কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘এ্যানি ভাই কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন—সেই টাকা কোথা থেকে আসে? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে প্রটোকল নিয়ে ঘোরেন, সেই অর্থের উৎস কী? সারজিস আলম ও নাহিদ ইসলাম—তাদের আয়ের উৎস কোথায়?’
সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও তীব্র সমালোচনা করেন রাশেদ খান। তিনি দাবি করেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই; বরং এ চুক্তির পেছনে এনসিপির ভূমিকা রয়েছে।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও রাজনৈতিক আচরণেরও কড়া সমালোচনা করেন তিনি। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি। দেশের যেখানে যাবে, সেখানেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়বে।
শুধু এনসিপিই নয়, সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বিরুদ্ধেও সরব হন বিএনপির এ নেতা। তিনি বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা স্বাধীনতার বিরোধী শক্তি। অতীতে তারা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে। এখন জামায়াত ও এনসিপি একসঙ্গে নতুন ষড়যন্ত্রে নেমেছে। দেশের মানুষ এই অপশক্তিকে আর গ্রহণ করবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস এম সামছুল আলমসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
