শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন, ২৪ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল। ফাইল ছবি

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বদলি-পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে এবং একই ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এবং টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন। রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই ইউনিটে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কবীর আহম্মেদকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

২৪ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান এবং ২৫ নভেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্তির বিধান কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।