বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশোধে ক্ষতি পূরণ হয় না, দেশ ও মানুষের জন্য কাজ করুন’—আহ্বান তারেক রহমানের

বিশেষ প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিহিংসা নয়, ইতিবাচক চিন্তা ও ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেওয়ার বার্তা; সাংবাদিকদের ভূমিকায় কৃতজ্ঞতা।

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে অন্যায় বা ক্ষতির শিকার হলেও প্রতিশোধ নেওয়ার মাধ্যমে সেই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। বরং ভবিষ্যৎ নির্মাণ এবং মানুষের জন্য ইতিবাচক কিছু করার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন, কিংবা সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে, আমরা দেশের জন্য, সমাজের জন্য এবং মানুষের জন্য কী করতে পারি।

তিনি আরও বলেন, সফলতা কিংবা ব্যর্থতা পরবর্তী বিষয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া এবং সমাজে গঠনমূলক অবদান রাখার চেষ্টা করা।

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে মন্তব্য

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের সংবাদপত্র ও মতপ্রকাশের ক্ষেত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সংবাদপত্র ও গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একসময় বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ আজ আমরা এতসংখ্যক সাংবাদিকের সঙ্গে কথা বলছি। এটি প্রমাণ করে, সংবাদপত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা কখনোই স্থায়ী হয়নি।

তিনি বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে বলেন, অতীতে সংবাদপত্রের সংখ্যা সীমিত করা এবং রাজনৈতিক দলগুলোকে নিষ্ক্রিয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

‘দমন-পীড়নের সময়ে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি’

ফ্যাসিবাদী শাসনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, অতীতে আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছে এবং বহু ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও মানবিক ভূমিকার কারণে অনেক নেতাকর্মী রক্ষা পেয়েছেন।

এ জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তরুণদের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ

দেশের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি এখন একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে।

তিনি বলেন, সীমিত সম্পদ ও সক্ষমতার মধ্যে শুধুমাত্র গ্রেপ্তার অভিযান কিংবা চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বিষয়টি আরও বিস্তৃতভাবে বিবেচনা করে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে ইতিবাচক চিন্তা, গণতান্ত্রিক চর্চা, সংবাদপত্রের স্বাধীনতা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে বিভেদ নয়, প্রয়োজন গঠনমূলক চিন্তা ও মানুষের কল্যাণে সম্মিলিত কাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।