রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম,নতুন নাম নির্ধারণে আবারও গণশুনানি, গুরুত্ব পাবে ইতিহাস-ঐতিহ্য ও জনমত

বিশেষ প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

তবে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি প্রতিমন্ত্রীর পারিবারিক উপাধি এবং তার দুই ছেলের নামের সঙ্গে মিল রয়েছে—এমন অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

অভিযোগ অস্বীকার করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।

এ ঘটনায় নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এখন সবার দৃষ্টি—কী নাম পেতে যাচ্ছে বগুড়ার এই দুই নতুন ইউনিয়ন এবং জনমতের ভিত্তিতে কী সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।