বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ড বিতরণে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান, উৎসবমুখর মৌলভীবাজারে বৃষ্টির মাঝেও জনসমাগম

মৌলভীবাজার প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টি-নিরাপত্তা-জনসমাগমের মাঝে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আবহ।ছবি: পিআইডি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১টা ৩ মিনিটে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। আকাশপথে সকাল ১০টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে সড়কপথে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শ্রীমঙ্গলে পৌঁছে দুপুর একটায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করেন। শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এছাড়া সফরসূচি অনুযায়ী, মৌলভীবাজারের দুসাই রিসোর্টে দলের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারাভিযানে তিনি মৌলভীবাজার সফর করেছিলেন। নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম দিনব্যাপী মৌলভীবাজার সফর।

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশের প্রস্তুতি

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে দুটি পৃথক সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে বুধবার সকাল ১১টা ৩৯ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হলে উৎসবমুখর পরিবেশে কিছুটা ছন্দপতন ঘটে। তবুও নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি কমেনি।

সূচি অনুযায়ী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে দুপুর একটায় প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা সদরের সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের কর্মসূচি আগে হওয়ায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানেই অবস্থান নিয়েছেন।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। দুটি সমাবেশে শ্রীমঙ্গলের মির্জাপুর ও রাজনগরের টেংরা ইউনিয়নের দুটি ওয়ার্ডের মোট ৩০৭ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

নিরাপত্তায় কড়াকড়ি, যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা সদরের কোর্ট রোড ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সমাবেশ উপলক্ষে কোর্ট রোডে প্রশাসনের যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।