শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুই মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, মুহূর্তেই ঝরে গেল তিন বন্ধুর প্রাণ

বগুড়া জেলা প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুহূর্তেই নিভে গেল তিন প্রাণ, কাহালুতে মোটরসাইকেল সংঘর্ষে শোকের মাতম। ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। শুক্রবার (সন্ধ্যা সাড়ে ৬টার দিকে) উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এক মুহূর্তেই প্রাণচঞ্চল তিন তরুণের জীবন থেমে যায় সড়কের ওপর।

নিহতরা হলেন— নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। এমন আবহাওয়ার মধ্যেই নওগাঁ থেকে মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন তিন বন্ধু। তাদের মোটরসাইকেলটি ছিল দ্রুতগতিতে। পথে কাহালুর বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধু। অপর মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একসঙ্গে পথচলা তিন বন্ধুর এমন করুণ মৃত্যুতে নওগাঁ ও কাহালু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।