সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের উন্মাদনা কারাগারেও, তবে রাতের ম্যাচ দেখার সুযোগ নেই বন্দিদের

স্টাফ রিপোর্টার
জুন ১১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি- এআই দিয়ে তৈরি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের কারাগারগুলোতেও। বন্দিদের বিনোদনের কথা বিবেচনায় নিয়ে এবার বিশ্বকাপের ম্যাচ দেখার বিশেষ সুযোগ চালু করেছে কারা কর্তৃপক্ষ। তবে কারা বিধি ও নির্ধারিত সময়সূচির কারণে মধ্যরাত কিংবা গভীর রাতের ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত থাকবেন বন্দিরা।

কারা সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারের সাধারণ ওয়ার্ডে থাকা বন্দিরা নিয়মিতভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পারেন। বিশ্বকাপ উপলক্ষে এবার প্রথমবারের মতো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাবস্ক্রিপশন নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ চাইলে বিটিভির পাশাপাশি টি-স্পোর্টসের সম্প্রচারও বন্দিদের জন্য চালু করতে পারবে। তবে এই বিশেষ সুবিধা শুধুমাত্র বিশ্বকাপ চলাকালীন সময়ের জন্য কার্যকর থাকবে।

কারাগারের দৈনন্দিন নিয়ম অনুযায়ী সকাল ৮টা বা ৯টার আগে ওয়ার্ডে টেলিভিশন চালু করা হয় না। অন্যদিকে রাত ১০টার পর টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। ফলে দিনের বেলার বা সকালের ম্যাচগুলো বন্দিরা উপভোগ করতে পারলেও গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচগুলো দেখার সুযোগ থাকবে না।

এদিকে সেলে থাকা বন্দিদের জন্য টেলিভিশন দেখার সুযোগ নেই বললেই চলে। তারা দিন কিংবা রাত—কোনো সময়েই টিভি দেখতে পারেন না। এছাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরা দিনের বেশিরভাগ সময় দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। তবুও বিশ্বকাপ উপলক্ষে সকালের ম্যাচগুলো দেখার ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, বন্দিরা নির্ধারিত সময়ের মধ্যে বিটিভি দেখতে পারেন। তবে বিশ্বকাপ উপলক্ষে কারা কর্তৃপক্ষ চাইলে টি-স্পোর্টস সম্প্রচারের ব্যবস্থাও করতে পারবে। একই সঙ্গে সকালের ম্যাচগুলো যাতে বন্দিরা উপভোগ করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষের সূত্রে আরও জানা যায়, বন্দিদের টেলিভিশন দেখার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। দিনের বেলায় বন্দিদের বিভিন্ন কাজ ও কারাগারের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকে। তবে সন্ধ্যার পর লকআপের সময় অধিকাংশ বন্দিই অবসর কাটান টেলিভিশনের সামনে বসে। ফলে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার তাদের জন্য বাড়তি আনন্দ ও বিনোদনের উপলক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কারাগারে বর্তমানে প্রায় ৭৪ হাজার বন্দি রয়েছেন। অথচ এসব কারাগারের মোট ধারণক্ষমতা প্রায় ৪৬ হাজার। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি থাকার পরও বিশ্বকাপের আনন্দ বন্দিদের কাছে পৌঁছে দিতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। :::

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।