কুমিল্লার চৌদ্দগ্রাম-এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের ভয়ংকর তাণ্ডবের ঘটনা ঘটেছে। মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাক থামিয়ে ট্রাকে থাকা ১০টি গরু লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।
বৃহস্পতিবার ভোর রাতে চৌদ্দগ্রামের বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে ট্রাকটি বালুজুরি এলাকায় পৌঁছলে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল পেছন থেকে একটি পিকআপ ভ্যান নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে।
একপর্যায়ে ডাকাতরা ট্রাকটির সামনে ব্যারিকেড সৃষ্টি করে গতিরোধ করে। ট্রাক থামানোর সঙ্গে সঙ্গেই দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চালক আক্রাম হোসেনের ওপর হামলা চালায় তারা। তাকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয় ডাকাতরা। পরে ট্রাকটি চালিয়ে চৌদ্দগ্রাম বাজার অতিক্রম করে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে ট্রাকচালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে ট্রাকে থাকা ১০টি গরু নিজেদের পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায় ডাকাত দল।
ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক এবং দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় গাছের সঙ্গে বাঁধা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠায়। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতরা অন্য একটি পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
