নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ছবি: সংগৃহীত
মাসদাইরের লিচুবাগ এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা; গুরুতর আহত এসআইকে ঢাকায় পাঠানো, এলাকায় চলমান র্যাব-পুলিশের অভিযান।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদক স্পটে অভিযান চালানোর আগে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (দুপুর ২টা) ফতুল্লা থানার মাসদাইর লিচুবাগ এলাকার বোয়ালিয়া খাল সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাবের গোয়েন্দা দলের চার সদস্য সাদা পোশাকে ওই এলাকায় তথ্য সংগ্রহে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে কিছু দূরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে শুরু করলে র্যাব সদস্যরা গুরুতর আহত হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে এসআই নজিবুলের হাতের রগ কেটে গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এছাড়া কনস্টেবল ইব্রাহিম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং কনস্টেবল মাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।
এদিকে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, হামলার পরপরই এলাকায় যৌথভাবে র্যাব ও পুলিশের অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।
উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানে বাধা দিতে এ ধরনের হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
