মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মিয়াদুল ইসলাম (মেহেরপুর জেলা প্রতিনিধি)
অক্টোবর ১২, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার। ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত পিতাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত হাবেল শেখ (৭০) মেহেরপুর সদর থানার ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা বণ্টনসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হাবেল শেখ ও তাঁর ছেলে সাহাবুল শেখের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো বলে জানা গেছে।

ঘটনার দিন দুপুরে হাবেল শেখ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাহাবুল শেখ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করে ঘুমন্ত পিতার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে ঘটনাস্থলেই হাবেল শেখের মৃত্যু হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত সাহাবুল শেখকে গ্রেপ্তার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।