ফাইল ছবি
পবিত্র হজের টানে একের পর এক উড়াল দিচ্ছেন বাংলাদেশি মুসল্লিরা। সাদা ইহরামের স্বপ্ন, কাবাঘর দেখার আকুলতা আর মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণের গভীর অনুভূতি নিয়ে বুধবার (১৩ মে) পর্যন্ত ১৪২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিনে উঠে এসেছে এই তথ্য।
পরিসংখ্যানে দেখা গেছে, সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৫১ হাজার ২২৭ জন।
গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রা এখন যেন পূর্ণ উদ্দীপনায় এগিয়ে চলছে। এখন পর্যন্ত পরিচালিত ১৪২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
সবচেয়ে বেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির মাধ্যমে সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৪২৮ জন। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাসে ভ্রমণ করেছেন ৮ হাজার ৮৫৯ জন।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও জোর তৎপরতা চলছে। সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক সেবা দিয়েছে ১৬ হাজার ২ জনকে।
তবে ইবাদতের এই মহাসফরের মাঝেও রয়েছে কিছু বেদনার খবর। চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ১৪ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট যাবে আগামী ২১ মে।
আর হজ শেষে প্রিয় মাতৃভূমিতে ফেরার পালা শুরু হবে ৩০ মে থেকে। প্রথম ফিরতি ফ্লাইট ওই দিন পরিচালিত হবে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।
