শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লেবুখালীতে র‍্যাবের চিরুনি অভিযান: ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক

অপূর্ব সরকার
জুন ৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত র‍্যাবের এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে দুমকী থানার লেবুখালী পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

আটককৃতরা হলেন— মোঃ সুমন হাওলাদার এবং তার সহযোগী জামাল মৃধা।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে মাদক ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি বড় চালান নিয়ে আসছে। তথ্যের সত্যতা যাচাই এবং মাদক চালানটি আটক করতে র‍্যাব সদস্যরা লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন।

একপর্যায়ে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালানো হলে যাত্রী মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা একটি লাগেজ থেকে কসটেপ ও পলিথিন দিয়ে অত্যন্ত কৌশলে মোড়ানো অবস্থায় ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও বিস্তৃত করা হলে মাদক চক্রের অপর সদস্য জামাল মৃধাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত দুই আসামিকে দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের লক্ষ্যে এজাহার দাখিল করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধারাবাহিক অভিযান স্থানীয়দের মাঝেও স্বস্তি ফিরিয়েছে। র‍্যাব বলছে, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।