বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: মূলহোতাসহ ৭ গ্রেপ্তার, র‍্যাবের অভিযান

শামিহা রেজা
এপ্রিল ১৩, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদাবাজির ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামি

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মূলহোতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সকালে র‍্যাব এই তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মঈন উদ্দিন মঈন, মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও রুবেল।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল একদল চাঁদাবাজ সিকেডি হাসপাতালে গিয়ে চিকিৎসক অধ্যাপক ড. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে এবং হাসপাতালের সামনে মব সৃষ্টির চেষ্টা চালায়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই র‍্যাব অভিযান শুরু করে এবং মূলহোতা মঈনকে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার ছয় সহযোগীকেও আটক করা হয়।

অভিযোগ রয়েছে, যুবদল নেতার পরিচয় ব্যবহার করে হাসপাতালটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন— জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।