শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা, স্মৃতিচারণ ও দোয়ার মধ্য দিয়ে পটুয়াখালীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

অপূর্ব সরকার
মে ৩০, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দলটির নেতারা স্মরণ করেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পরিচিত এই নেতার রাজনৈতিক জীবন ও অবদানকে।

শনিবার সকালে পটুয়াখালী সদর রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র আহমেদ পিনুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। স্মৃতিচারণমূলক বক্তব্যে তাঁরা তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (আব:) আলতাফ হোসেন চৌধুরী।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্নার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এবং জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শ্রদ্ধা, স্মৃতিচারণ, দোয়া এবং মানবিক সহায়তার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন পটুয়াখালীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীকে দিয়েছে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ মাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।