রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সওজে টেন্ডার সিন্ডিকেট ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ: প্রধান প্রকৌশলীর পদ নিয়ে নতুন বিতর্ক, দুদকে অভিযোগের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে ঘিরে টেন্ডার ব্যবস্থাপনা, কমিশন বাণিজ্য, বদলি-সংক্রান্ত অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন অভিযোগপত্র, সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও অনুসন্ধানসংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এসব অভিযোগের বিষয়ে জনস্বার্থে তদন্তের দাবি জোরালো হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়ার প্রস্তুতির কথাও জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনিরুজ্জামান কক্সবাজার, মুন্সিগঞ্জ, রংপুর ও রাজশাহীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনকালে প্রশাসনিক ও প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থায় ব্যাপক প্রভাব বিস্তার করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি প্রশাসনিক প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সওজের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, জনবল ব্যবস্থাপনা ও বদলি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ শাখায় তাঁর প্রভাব এখনও বিদ্যমান। সুবিধাজনক পদায়ন ও বদলিকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও বিভিন্ন সূত্রে উঠে এসেছে।

অনুসন্ধানসংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত প্রাক্কলন, অসমাপ্ত কাজের বিপরীতে বিল উত্তোলন এবং উল্লেখযোগ্য আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। পরে রাজশাহী অঞ্চলে দায়িত্ব পালনকালে প্রভাবশালী কয়েকজন ঠিকাদারকে নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও বিভিন্ন সূত্রে উঠে এসেছে।

এছাড়া সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘনের মাধ্যমে দরপত্রের শর্ত নির্দিষ্ট গোষ্ঠীর অনুকূলে তৈরি করা এবং প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কমিশন নেওয়ার অভিযোগও অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

মুন্সিগঞ্জে দায়িত্ব পালনকালে নিম্নমানের সড়ক নির্মাণ ও সংস্কারের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কয়েকটি সড়ক অল্প সময়ের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়েছে, গত এক দশকে ঢাকা, ফরিদপুর ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় নিজের ও আত্মীয়-স্বজনদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগও বিভিন্ন সূত্রে উঠে এসেছে, যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত সংস্থার চূড়ান্ত মতামত এখনো প্রকাশিত হয়নি।

দুদকের দায়িত্বশীল সূত্রের দাবি, অভিযোগে উল্লিখিত ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, সাম্প্রতিক সময়ে সওজের প্রধান প্রকৌশলীর পদকে ঘিরেও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে দাবি উঠেছে, পদোন্নতি প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা এবং বিপুল অর্থের লেনদেনসংক্রান্ত অভিযোগ নিয়ে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি বা তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অতীতে সড়ক খাতে দুর্নীতির উচ্চমাত্রার চিত্র তুলে ধরে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, জনস্বার্থে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান এর ফোনে করেও পাওয়া যায় নি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে এবং তদন্ত সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত সব অভিযোগ তদন্তাধীন। সংশ্লিষ্ট তদন্ত সংস্থা বা আদালত এখনো এসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় দেয়নি। অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

পরবর্তী পর্বে থাকছে…

মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ, সম্পদের উৎস, সংশ্লিষ্ট নথি ও অভিযোগে উল্লেখিত তথ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্ব। চলবে……..

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ