বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আটকে পড়া আড়াই হাজারের বেশি পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, থমথমে পরিস্থিতি। সংগৃহীত ছবি

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সাজেকের পরিস্থিতি থমথমে রয়েছে। এর মধ্যেই অবরোধের কারণে আটকে পড়া আড়াই হাজারের বেশি পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে পর্যটকবাহী গাড়িবহর চলাচলের ব্যবস্থা করেন। এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সংগঠন দুটি। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সাজেক থেকে প্রায় আড়াই হাজার পর্যটককে নিয়ে গাড়িবহরগুলো রওনা হয়। পরে গাড়িবহর গঙ্গারামের উজো বাজার এলাকায় পৌঁছালে সড়কের ওপর অবস্থান নেওয়া অবরোধকারীদের কারণে পর্যটকরা আটকে পড়েন।

এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে পর্যটকবাহী গাড়িবহরগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তবে এ সময় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় গোলাগুলি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এখনো থেমে থেমে গোলাগুলি হচ্ছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। এছাড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে অবরোধকে কেন্দ্র করে সাজেকে পর্যটকদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গোলাগুলির ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রেখেছিল সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এর আগে গত ১১ অক্টোবর থেকে সংগঠন দুটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।