শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদকসেবীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন র‌্যাব সদস্য ইমন আচার্য্য

সিলেট প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আটক আসাদউল আলম বাপ্পী

সিলেট নগরীতে মাদকসেবী আটক অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৯ এর সদস্য কনস্টেবল ইমন আচার্য্য। দায়িত্ব পালন করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ঘটনার পরপরই অভিযুক্ত মাদকসেবী আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। আটক বাপ্পী নগরীর কাজির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার পাশের ক্বিন ব্রিজের নিচে কয়েকজন মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে অভিযান চালায়। এ সময় বাপ্পী দৌড়ে পালানোর চেষ্টা করলে সেখানে সাদা পোশাকে দায়িত্ব পালনরত র‌্যাব-৯ এর সদস্যরা তাকে ধাওয়া করেন।

একপর্যায়ে কনস্টেবল ইমন আচার্য্য তাকে জাপটে ধরলে বাপ্পী হঠাৎ ধারালো ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ইমন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, মাদকসেবীদের আটক অভিযানের সময় একজন পালানোর চেষ্টা করলে দায়িত্ব পালনরত র‌্যাব সদস্য তাকে আটক করেন। তখন ওই ব্যক্তি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে হেফাজতে নিয়েছে।

ঘটনার পর নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে এক র‌্যাব সদস্যের এমন নির্মম মৃত্যুতে সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ ও শোক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।