পটুয়াখালী মেডিকেল পরিদর্শনে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের আশ্বাস
স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান—এই তিন খাতকে দেশের উন্নয়নের প্রধান ভিত্তি উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, এই খাতগুলোতে টেকসই সফলতা অর্জন করা গেলে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে সরকার দ্রুত ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সম্প্রতি হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্যসেবা” নিশ্চিত করা। এ উদ্দেশ্যে বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে অনেক সময় করিডোর ও মেঝেতেও রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।
এ অবস্থায় দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত ও মানসম্মত করতে পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য একটি আধুনিক ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা (রুপা), পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
