শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামের প্রকোপে সরব পটুয়াখালী সদর হাসপাতাল

পটুয়াখালী প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

রোগীদের শয্যাপাশে এমপি আলতাফ, সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা: ছবি সংগৃহীত

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসাসেবা আরও আধুনিক, মানবিক ও কার্যকর করতে মাঠে নেমেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সকাল ১০টায় তিনি হাসপাতালটির সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে জেলায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু ওয়ার্ডে ভর্তি আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি গভীর গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এমপি আলতাফ হোসেন চৌধুরী।

এসময় শিশু রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি। রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। সভায় তিনি স্পষ্টভাবে জানান, রোগীদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, জরুরি ওষুধের মজুদ এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশু ওয়ার্ডে রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর মধ্যেই সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শন ও দিকনির্দেশনা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।