বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবজি চুরির অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: ভিডিও থেকে নেওয়া

কুড়িগ্রামের রৌমারীতে করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার বিকেলে নির্যাতনের শিকার ওই নারী থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয়রা বলেন, দাঁতভাঙ্গা এলাকার কৃষক ফরহাদ হোসেন তার জমিতে করলা চাষ করেন। মঙ্গলবার সকালে খেত থেকে করলা তোলার সময় ছালেহা খাতুন (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করা হয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ফরহাদ হোসেনসহ কয়েকজন তাকে রশি দিয়ে গাছে বেঁধে রাখেন এবং তার স্বামীকে খবর দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো করে তাকে চোর আখ্যা দেওয়া হয়। তার স্বামী ঘটনাস্থলে এলে তাকেও মারধর করতে বলা হয়। তিনি দাবি করেন, স্বামীকে বাধ্য করা হয় তাকে মারধর করতে এবং এতে তাদের মানহানি হয়েছে।

নারীর স্বামী বদিউজ্জামান বলেন, তাকে জোর করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, তার স্ত্রীকে গাছে বেঁধে মারধর করা হচ্ছে। তাকেও মারধর করা হয় এবং স্ত্রীকে মারতে বলা হয়। তিনি অস্বীকৃতি জানালে তাকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে নিরুপায় হয়ে স্ত্রীকে আঘাত করতে বাধ্য হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খেতের মালিক ফরহাদ হোসেন বলেন, ওই নারী প্রতিনিয়ত এলাকায় চুরির ঘটনা ঘটান। মঙ্গলবার আমার খেত থেকে করলা (সবজি) চুরির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে থেকে ডেকে নিয়ে আসা হয় তার স্বামীকে। এ সময় বলা হয়, তুই এখন তোর বউয়ের বিচার করে নিয়ে যা। পরে ওই নারীর স্বামী তাকে মারধর করে নিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।