বিশ্ব বইয়ের সুবাসে ভরে উঠল রাজধানীর সকাল। বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় বইপ্রেম, জ্ঞানচর্চা আর সংস্কৃতির এক অনন্য মিলনমেলা গড়ে তুলল জাতীয় গ্রন্থকেন্দ্র।
গতকাল বৃহস্পতিবার সকালে গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এ বর্ণিল যাত্রা। নানা রঙের ব্যানার, বইয়ের প্রতীক আর প্রাণবন্ত স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি পল্টন, সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক ঘুরে আবারও গ্রন্থকেন্দ্রে ফিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রন্থাগার প্রতিনিধি এবং প্রকাশনা জগতের প্রতিনিধিরা। তাদের প্রাণচাঞ্চল্য আর বইপ্রেমী আবেগে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস। এই দিবস শুধু বই পড়ার আহ্বানই নয়, বরং জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করার এক অনুপ্রেরণার দিন।
বইয়ের পাতায় লুকিয়ে থাকা অজস্র সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এ দিনের আয়োজন যেন নতুন করে উচ্চারণ করল— বই হোক আলোর পথ, জ্ঞানে হোক মুক্তি।
