শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘চোর সন্দেহেই শেষ জীবন: শরীয়তপুরে জনতার হাতে নির্মম মৃত্যু—আইনের বদলে বিচার ‘মবের’

শরীয়তপুর প্রতিনিধি
মে ২, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

শরীয়তপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ভোরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় ঘটে এই মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা, যা আবারও জনতার হাতে আইন তুলে নেওয়ার ভয়াবহ প্রবণতাকে সামনে নিয়ে এসেছে।

দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ, তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একাধিকবার আঙুলের ছাপ নেওয়ার পরও পিবিআই তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পালং মডেল থানা সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্লার বাড়িতে ভোরের দিকে এক ব্যক্তি প্রবেশ করলে তাকে চোর সন্দেহ করা হয়। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে আটক করে ফেলে।

এরপর যা ঘটে, তা নিছক ‘শাস্তি’ নয়—বরং এক নির্মম নিষ্ঠুরতার চিত্র। অভিযোগ, স্থানীয়রা ওই ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে দুপুর ১২টার দিকে কয়েকজন স্থানীয় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আরিফ মোল্লা জানান, ভ্যান চুরির সময় সন্দেহভাজন ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মারধর করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, সংকটাপন্ন অবস্থায় তাকে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর এক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে শেষ রক্ষা হয়নি। তিনি বলেন, “পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন উঠছে—চোর সন্দেহ হলেই কি মৃত্যুদণ্ড?
আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা কি সমাজকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না? একজন মানুষ অপরাধী হলেও, তার বিচার কি জনতার হাতে নয়—আইনের আওতায় হওয়াই উচিত নয় কি?

এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো—ক্ষোভ আর উত্তেজনার বশে নেওয়া সিদ্ধান্ত কখনোই ন্যায়বিচার হতে পারে না, বরং তা আরেকটি অপরাধের জন্ম দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।