কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির মধ্যে ভেজা সড়কে মোটরসাইকেল চালিয়ে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল রহিবুল। জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারা অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই রহিবুলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়েছে এবং ঘাতক চালকের গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে পরবর্তী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
