বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে, ৩৩ জেলার তালিকা যাচাই চলছে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি
মে ৬, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রতিটি জেলায় কর্মরত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ইতোমধ্যে ৩৩টি জেলার সাংবাদিকদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম।

বুধবার রাতে কক্সবাজার প্রেস ক্লাব পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, গুটিকয়েক সাংবাদিকের কারণে পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না। সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা এখনও অনেক ক্ষেত্রে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন। তাই নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিচারপতি একেএম আবদুল হাকিম উল্লেখ করেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন বর্তমান সময়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। আইনটি যুগোপযোগী করতে ইতোমধ্যে সংশোধনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রেস কাউন্সিল একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও চেয়ারম্যান একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সম্মিলিত উদ্যোগেই সাংবাদিকদের অধিকার ও পেশার মান উন্নয়ন সম্ভব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। জনবল ও বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও গুণগত দিক থেকে প্রতিষ্ঠানটি পিছিয়ে নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি শ্রমনির্ভর পেশা হলেও এর তুলনায় সম্মান ও প্রাপ্তি এখনও পর্যাপ্ত নয়। তবে এ খাতে উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মফস্বল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নোয়াবে মফস্বল থেকে কোনো সম্পাদককে সদস্য না রাখা এক ধরনের বৈষম্য। এছাড়া সরকারি বিদেশ সফরে ঢাকার সাংবাদিকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়, ফলে মফস্বলের সাংবাদিকরা বঞ্চিত হন।

তিনি এসব বৈষম্য দূরীকরণে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সদস্য শামসুল হক শারেক, সাধারণ সম্পাদক এসএম জাফর এবং জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সত্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।