সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওরশকে ঘিরে উত্তেজনা, দরবার শরীফের খাদেমের ওপর হামলার অভিযোগে চাঞ্চল্য

কুষ্টিয়া প্রতিনিধি
মে ১১, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে ওরশ মোবারককে কেন্দ্র করে মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দরবার শরীফের খাদেম কামাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা। আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, আহত কামাল হোসেন (৪০) উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। শনিবার (৯ মে) সন্ধ্যায় মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের ভেতরে এ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফে বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ উপলক্ষে ওরশ মোবারকের ব্যাপক প্রস্তুতি চলছিল। ওরশকে ঘিরে বসতে যাওয়া ঐতিহ্যবাহী মেলার কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছিল। সেই বিরোধের জের ধরেই হামলার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

খাদেম কামাল হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘ চার বছর ধরে তিনি মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন ওরশ ও মেলার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন।

তিনি আরও জানান, হামলার সময় তার চিৎকার শুনে বোন রিতা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওরশকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।