ডালিম-রফিকের প্রত্যাবর্তনে আনন্দ মিছিল, নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস। ফাইল ছবি সংগৃহীত
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের রাজনীতিতে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল করায় ইউনিয়নজুড়ে নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে অত্যন্ত জনপ্রিয় এই দুই নেতার অনুপস্থিতিতে বাইশারীর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্থবিরতা ও শূন্যতা তৈরি হয়েছিল। তবে বহিষ্কৃত থাকা অবস্থাতেও ডালিম ও রফিক দলীয় কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং রাজপথের কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি বজায় রেখে নিজেদের সাংগঠনিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। ফলে তাদের পুনর্বহালকে তৃণমূল নেতা-কর্মীরা দেখছেন সংগঠনের জন্য অত্যন্ত ইতিবাচক ও শক্তিশালী বার্তা হিসেবে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই বাইশারী ইউনিয়নে বের করা হয় এক বিশাল আনন্দ মিছিল। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, ডালিম ও রফিকের প্রত্যাবর্তনে বাইশারীতে জাতীয়তাবাদী রাজনীতির ভিত আরও মজবুত হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তাদের নেতৃত্ব রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
