শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ডিবির মধ্যরাতের চিরুনি অভিযান: ৬১৩ পিস ইয়াবাসহ আটক ৩, পালাল আরও এক সহযোগী

পটুয়াখালী জেলা প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গভীর রাতে সদর উপজেলার কালিকাপুর ও পশরীবুনিয়া এলাকায় পৃথক দুই অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) রাতে মাঠে নামে ডিবি পুলিশের একটি চৌকস টিম। এসআই (নিঃ) মোঃ আছিবুর রহমান তুষারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আবুল কালাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করে ডিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট।

এরপর আটক কালামের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ দ্রুত অভিযান চালায় পশরীবুনিয়া এলাকায় নাসির উদ্দিন জুয়েলের বাড়িতে। রাত প্রায় ১টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে নাসির উদ্দিন জুয়েল (৩১) ও মিজানুর রহমান (৪০) নামে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় নাসির উদ্দিনের কাছ থেকে ২০৪ পিস এবং মিজানুর রহমানের কাছ থেকে ২০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রফিকুল ইসলাম মুরাদ নামে অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজদেুল ইসলাম সজল জানান, আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি জেলাজুড়ে মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।