ফাইল ছবি
নেত্রকোনার মদনে গভীর রাতের অভিযানে ফাঁস হলো সরকারি চাল পাচারের রহস্য। ৬৬৭ বস্তা সরকারি চালভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয়েছে ট্রাকচালক ও তাঁর সহকারীকে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে রাতের আঁধারে ২০ টন সরকারি চাল বোঝাই ট্রাকটি বের হয়। চালগুলো বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় চালক শামীম চাল পরিবহনের বৈধ কাগজপত্র কিংবা সন্তোষজনক কোনো তথ্য দেখাতে ব্যর্থ হন। পরে মুহূর্তেই চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে— সরকারি খাদ্যগুদামের শত শত বস্তা চাল কীভাবে রাতের
অন্ধকারে অন্যত্র সরানো হচ্ছিল?
মদন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন এবং চাল জব্দের বিষয়টি তাঁর জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান, জব্দ করা সরকারি চাল ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “চালভর্তি ট্রাক, চালক ও তাঁর সহকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
