শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

মামুনুর রশীদ মামুন
মে ১৬, ২০২৬ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশ সপ্তাহ-২০২৬ এ ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন। ফাইল ছবি

মাদক উদ্ধার, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ “ক” গ্রুপে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ গৌরবজনক অর্জনের জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর হাত থেকে আনুষ্ঠানিক সম্মাননা গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

গত ১২ মে ২০২৬ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সারাদেশে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকার মূল্যায়নের ভিত্তিতেই এ স্বীকৃতি অর্জন করে ময়মনসিংহ জেলা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান, চিহ্নিত মাদক স্পট নজরদারি, বিশেষ অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। এর ধারাবাহিকতায় শুধু মাদক উদ্ধারই নয়, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও দৃশ্যমান সফলতা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে একের পর এক কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভাষ্য, তাঁর নেতৃত্বে পরিচালিত মাদক, সন্ত্রাস ও অপরাধবিরোধী ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি, নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের এ সাফল্যে জেলার সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সচেতন মহলে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের জাতীয় স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।