মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন নামে আসছে ‘এলিট ফোর্স’! র‍্যাবের বদলে যুগোপযোগী বাহিনী গঠনে সরকারের বড় পরিকল্পনা

বিশেষ প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: র‌্যাবের সৌজন্যে

রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন, নতুন আইন ও নতুন কাঠামোয় গড়ে তোলা হতে পারে দেশের নতুন এলিট ফোর্স। র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নাম নয়—পুরো কার্যক্রমকে স্বচ্ছতা, জবাবদিহি ও আধুনিক আইনি কাঠামোর আওতায় আনতেই সরকার নতুন উদ্যোগ নিচ্ছে।

মন্ত্রী বলেন, এতদিন র‍্যাব নিজস্ব কোনো স্বতন্ত্র আইনের অধীনে পরিচালিত হয়নি; বরং ব্যাটালিয়ন সংক্রান্ত আইনের আওতায় বাহিনীটির কার্যক্রম চলেছে। তিনি স্পষ্ট করে জানান, “এভাবে পরিচালিত হওয়া সঠিক ছিল না। এখন আলাদা আইন করা হবে, যেখানে এলিট ফোর্সের অথরিটি, দায়িত্ব ও জবাবদিহি সবকিছু সুনির্দিষ্ট থাকবে।

তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে “র‍্যাব” নামটি বহাল থাকবে কি না, সেটিও এখন ভাবনার বিষয়। সরকার চাইলে সম্পূর্ণ নতুন নামে নতুন বাহিনীও গঠন করতে পারে। তবে যাই হোক না কেন, নতুন আইনে পরিচালিত বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণেই বাহিনীটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিলেন, যার ফলেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে। তবে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবকে দায়ী করতে তিনি রাজি নন।

তিনি বলেন, যদি নতুন আইন ও নতুন কাঠামোয় নতুন এলিট ফোর্স গঠন করা হয়, তাহলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে।

রাজনৈতিক হাতিয়ার হিসেবে ভবিষ্যতে কোনো বাহিনী ব্যবহৃত হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, গত তিন মাসে কি অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? মর্নিং শোজ দ্য ডে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি দক্ষ ও কার্যকর এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে কারণেই ২০০১ সালে বিএনপি সরকারের সময় র‍্যাব গঠন করা হয়েছিল।

কিন্তু পরবর্তী সময়ে বাহিনীটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।