বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত গাংনীতে উৎসবমুখর পরিবেশে শুরু ‘ভূমি মেলা-২০২৬’, জনসেবার বার্তা ছড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি

Link Copied!

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৬’। বর্ণাঢ্য র‍্যালি, প্রাণবন্ত আয়োজন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পরিণত হয় জনসেবার এক ব্যতিক্রমী আয়োজনে।

মঙ্গলবার (১৯ মে) সকালে গাংনী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার কর্মসূচি পালিত হয়। একই সময়ে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি) দেশব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে একযোগে শুরু হয় মেলার কার্যক্রম।

গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া রঙিন র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের মনোমুগ্ধকর বাদকদল পুরো আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবের আবহে রূপ দেয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আরশাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর বিএনপির সভাপতি মুকবুল হোসেন (মেঘলা), কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণ এখন দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন। ডিজিটালাইজড ব্যবস্থার কারণে ভূমি সংক্রান্ত নানা জটিলতা কমে এসেছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে প্রয়োজনীয় সেবা।

তারা আরও বলেন, ভূমি মেলা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সেবা সহজীকরণ এবং প্রযুক্তিভিত্তিক ভূমি ব্যবস্থাপনার সুফল ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।