কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের পৃথক অভিযানে পিকআপভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিদেশি মাদক উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলম এবং শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা যায়, র্যাবের একটি অভিযানিক দল বুধবার ভোরে কোদালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিকআপভর্তি (ঝালকাঠি-ন-১১-০০৫৩) ১ হাজার ৩৪৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
অন্যদিকে, শাড়িভর্তি পিকআপ নিয়ে ফেরার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন জানান, র্যাবের অভিযানে আটক চারজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
