কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ নুরুল আমীন মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সৈয়দপুর সংলগ্ন বাবুর্চি বাজার এলাকায় অবস্থিত “সততা হোটেল”-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সততা হোটেলের কর্মচারী নুরুল আমীন মজুমদারের হেফাজত থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আমীন শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের মেম্বার বাড়ির মৃত রঙ্গু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সততা হোটেলে কর্মচারী হিসেবে কাজ করার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযোগ রয়েছে, হোটেলের মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগিতায় নুরুল আমীন গাঁজা প্যাকেটজাত করে বিক্রি করতেন। স্থানীয়ভাবে তারা একটি সংঘবদ্ধ মাদক চক্র গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ উঠেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
