শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজের পবিত্র ভূমিতে শেষ নিঃশ্বাস: দৌলতপুরের প্রিয় মুখ হোমিও ডাক্তার হাজী কামাল হোসেন আর নেই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারের সুপরিচিত হোমিও চিকিৎসক, মানবিক সমাজসেবক ও “পলাশ হোমিও হল”-এর স্বত্বাধিকারী হাজী কামাল হোসেন (৬৫) আর নেই। পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দৌলতপুর উপজেলা বাজারসহ নিজ এলাকা তারাগুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মদিনার মসজিদে কুবার পাশে অবস্থিত হায়াত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সেবা ও চিকিৎসার মাধ্যমে এলাকায় একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নীরব অভ্যাস।

তাই তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বাজারের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের ভারী আবহ।

জানা গেছে, মদিনার পবিত্র মসজিদে নববীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। পবিত্র ভূমিতে তার চিরনিদ্রায় শায়িত হওয়াকে অনেকেই সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন।

বিশিষ্ট এই সমাজসেবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, মরহুম হাজী কামাল হোসেনের স্মরণে শুক্রবার বাদ আসর দৌলতপুর উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।