ফাইল ছবি
রাজনীতির উত্তপ্ত মাঠে এবার নতুন বিস্ফোরণ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার মুহূর্তেই তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। ডিম নিক্ষেপ থেকে শুরু করে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল বলে দাবি তার।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। ‘ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
মসজিদ থেকে বের হওয়ার পরই আমার দিকে ডিম ছুড়ে মারা হয়। ডিম এসে চোখে লাগতেই আমি অন্ধকার দেখছিলাম। প্রথমে বুঝতেই পারিনি কী হয়েছে। পাশ থেকে একজন জানাল, আমার দিকে ডিম মারা হয়েছে। এরপরই শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। তারপর হকি স্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তার দাবি, গত শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় শুধু বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাই নয়, পুলিশের কিছু সদস্যও নীরব ভূমিকা পালন করেছে। বিচার চাইতে থানায় গেলেও শুরুতে মামলা নিতে অস্বীকৃতি জানানো হয় বলেও অভিযোগ তার।
তিনি বলেন, বিদ্যুতের লাইন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ছয় ঘণ্টা পুরো এলাকা অন্ধকারে ছিল। পরে চাপের মুখে পুলিশ মামলা নিতে বাধ্য হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, মামলা দায়েরের পর থানার বাইরে উত্তেজনা আরও ভয়াবহ রূপ নেয়। কয়েক হাজার লোক থানার ফটক ভাঙার চেষ্টা করে বলেও দাবি করেন তিনি।
পুলিশ তখন পেছনে সরে যায়। পরে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করতে দেখা যায়,—যোগ করেন তিনি।
দেশে আইনের শাসন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তাদের টার্গেট করা হচ্ছে।
সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।
“আমাদের ওপর হামলা-মামলা হলে আমরা পাঁচ বছরের জন্য প্রস্তুত আছি। কিন্তু সরকার পাঁচ বছর টিকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি না,”—বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে “তৃতীয় কোনো পক্ষ” সক্রিয় হয়ে উঠতে পারে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্যান্য নেতারা।
