বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গল সলিমপুরে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়ঘেরা জঙ্গল সলিমপুর—যে জনপদ দীর্ঘদিন ধরে ছিল আতঙ্ক, দখল আর সন্ত্রাসের অঘোষিত সাম্রাজ্য, সেই এলাকাকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষায়, সেখানে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার অপচেষ্টা যৌথ বাহিনীর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীতে পুলিশ সদরদপ্তরের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি জানান, জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে একাধিক দাগী সন্ত্রাসীকে। শুধু তাই নয়, এলাকাটিকে ঘিরে ভবিষ্যতে গড়ে তোলা হবে একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব। সেখানে পুলিশ ও র‍্যাব একাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স এবং কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

সম্প্রতি পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে ঘটে যাওয়া ভয়াবহ হামলার ঘটনাও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে। গত রোববার গভীর রাতে যৌথ বাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এরপর হামলাকারীরা ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অভিযানে বাধা দিতে অন্তত চারটি স্থানে এক্সক্যাভেটর দিয়ে রাস্তা কেটে ফেলা হয়, যেন বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে না পারে।

তবে সব বাধা পেরিয়ে সোমবার ভোর চারটার দিকে শুরু হয় সাঁড়াশি অভিযান। র‍্যাব জানিয়েছে, অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার পেছনে কুখ্যাত ‘ইয়াছিন বাহিনী’র সদস্যদের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে।

জঙ্গল সলিমপুরের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম আগেই জানিয়েছিলেন, জঙ্গল সলিমপুরকে ঘিরে গড়ে উঠেছিল কোটি কোটি টাকার এক অন্ধকার সাম্রাজ্য। তাঁর ভাষায়,

“এটা হাতছাড়া হওয়ায় সন্ত্রাসীরা ঝাঁকুনি দেবে, নড়াচড়া করবে—এটাই স্বাভাবিক। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া পুলিশের পিছু হটার সুযোগ নেই।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা গুলি ছোড়ার পর আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী ১০৪ রাউন্ড গুলি চালায়। তবে অভিযানে পুলিশের কেউ আহত হয়নি।

চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোড থেকে পাহাড়ি পথ ধরে পৌঁছাতে হয় জঙ্গল সলিমপুর ও আলীনগরে। দীর্ঘ তিন দশক ধরে প্রায় সাড়ে তিন হাজার একর খাসজমি নিয়ন্ত্রণ করত ইয়াছিন বাহিনী। স্থানীয়দের অভিযোগ, ইয়াছিনের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারত না। রাস্তা, স্কুল, ক্লিনিক—সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে।

গত ৯ মার্চ যৌথ অভিযানের মুখে ইয়াছিন ও তার বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও আবারও সেই নিয়ন্ত্রণ ফিরে পেতে তারা মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে মঙ্গলবারের ব্রিফিংয়ে ঢাকার সাভারে মাদক ব্যবসায় ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহারের অভিযোগ এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়েও প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।