রাজধানীর আগা খান একাডেমি পরদির্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল সরকার। দেশের সব ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
বুধবার রাজধানীর আগা খান একাডেমি, ঢাকা পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
মানসম্মত শিক্ষার জন্য সমন্বিত কাঠামো
ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত, আধুনিক ও জবাবদিহিমূলক শিক্ষা কাঠামো গড়ে তুলতে কাজ করছে।
তিনি জানান, শিক্ষার্থীদের কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের চিন্তাশক্তি, উদ্ভাবনী সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘শুধু ভালো ফল নয়, নেতৃত্বও শিখতে হবে’
প্রতিমন্ত্রী বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, বরং চিন্তা করতে, উদ্ভাবন করতে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরাই। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। তার মতে, ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, বরং বাস্তবমুখী দক্ষতা ও সৃজনশীল চিন্তারও প্রয়োজন রয়েছে।
সব ধারার শিক্ষার্থীর জন্য সমান সুযোগ
ববি হাজ্জাজ আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়াশোনা করুক না কেন, সবাই যেন সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পায়, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সৃষ্টি করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় শিক্ষা কাঠামো গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
আগা খান একাডেমির শিক্ষা কার্যক্রমের প্রশংসা
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আগা খান একাডেমির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান, গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশমূলক উদ্যোগের প্রশংসা করেন।
একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সৃজনশীল শিক্ষাচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
এ সময় একাডেমির শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, দেশের সব ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানকে অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।
