মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারদায় প্রশিক্ষণ মাঠেই লুটিয়ে পড়লেন এসআই জীবন, হাসপাতালে নেওয়ার আগেই নিভে গেল জীবনের প্রদীপ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ মাঠে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপপরিদর্শক (এসআই) জীবন রহমান (৪৫)। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৮ জুন) বিকেলে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জীবন রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন এবং দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ের মাঝপথে হঠাৎ অসুস্থ বোধ করেন জীবন রহমান। একপর্যায়ে তিনি মাঠেই বসে পড়েন। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যেহেতু এ ঘটনায় কারও কোনো অভিযোগ ছিল না, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর পুলিশ একাডেমি জুড়ে নেমে আসে শোকের ছায়া। তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পুলিশ সুপার (প্রশাসন)-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তার জানা আছে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চারঘাট থানার মাধ্যমে সম্পন্ন হবে।

অন্যদিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কর্তব্য, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মধ্যেই এক পুলিশ সদস্যের এমন আকস্মিক মৃত্যু সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। প্রশিক্ষণ মাঠে শুরু হওয়া একটি সাধারণ দিনের সমাপ্তি হলো এক বেদনাদায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।