ছবি সংগৃহীত
খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় অবস্থানরত রোগী ও তাদের স্বজনরা কিছু সময়ের জন্য আতঙ্কের মধ্যে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালজুড়ে উৎকণ্ঠা ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। অনেক রোগী, স্বজন ও হাসপাতাল কর্মী দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে ভবনের বিভিন্ন তলায় অবস্থানরত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করেন।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া হাসপাতালের কর্মীরা জানান, ভবনের নবম, দশমসহ ওপরের তলাগুলোতে থাকা আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদে রয়েছেন। যদিও আগুনের ঘটনায় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সতর্কতার অংশ হিসেবে ভর্তি থাকা অনেক রোগীকে দ্রুত হাসপাতালের বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ধোঁয়ার প্রভাব এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। :::
