ফাইল ছবি
দেশের কৃষি উৎপাদন ও কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ঘিরে নতুন করে গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রশাসনিক সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং জনবল ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রভাব বিস্তার করে আসছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে শুধু প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, বরং ঝুঁকির মুখে পড়তে পারে দেশের কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাও। এতে কৃষকদের সেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) ও মহাব্যবস্থাপক (বীজ) হিসেবে দায়িত্ব পালনকারী মোঃ আবীর হোসেন। অভিযোগ রয়েছে, তাকে ঘিরেই গড়ে উঠেছে একটি শক্তিশালী নেটওয়ার্ক, যা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, ঠিকাদারি কার্যক্রম এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব খাটাচ্ছে।
বিএডিসির ভেতরের একাধিক সূত্রের দাবি, মোঃ আবীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠলেও সেসব অভিযোগের অধিকাংশই তদন্তের পর্যায়ে গিয়ে দৃশ্যমান অগ্রগতি পায়নি। প্রশ্ন উঠেছে—কেন এসব অভিযোগের কার্যকর তদন্ত হয়নি এবং কারা এই প্রভাবশালী চক্রের পৃষ্ঠপোষক?
এদিকে সংশ্লিষ্ট মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য উদঘাটন এখন সময়ের দাবি। কারণ রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কৃষি খাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে পরবর্তী সংখ্যায়।
