ঢাকা-গাজীপুর যোগাযোগে নতুন দিগন্ত: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা। ছবি পিএমও
রাজধানী ও গাজীপুরের মধ্যে দ্রুত, নিরাপদ এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং এর সম্ভাব্য সুফল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পটির বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নগর পরিবহন ব্যবস্থায় এর সম্ভাব্য ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।
সভায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিআরটি প্রকল্পের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা বিষয়ে তাঁদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। তাঁরা প্রকল্পটিকে আরও কার্যকর, আধুনিক এবং যাত্রীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী ঢাকা ও গাজীপুরের মধ্যে দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিআরটি প্রকল্প দেশের যোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসন, যাতায়াতের সময় হ্রাস এবং যাত্রীসেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
