কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মটপাড়া ক্যানেলপাড়া এলাকায় হাসান মাহমুদ ওরফে হাসান (২৫) নামের এক তরুণকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার( ২৪আগস্ট) দুপুরে কুষ্টিয়ার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক তপন রায় এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মটপাড়া গ্রামের মৃত তাহের সরদারের তিন ছেলে মোঃ হক সরদার(৩৫), মোঃ মকিম সরদার(৪২) ও মোঃ আমিরুল ইসলাম সরদার(৪৮)।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টায় হাসান মাহমুদ ওরফে হাসান, কাজ শেষে মটপাড়া ক্যানেলপাড়া সংলগ্ন একটি চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। ক্যানেলপাড়া জাফর মল্লিকের বাড়ির পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, হকিষ্টি ও লোহার হাতুড়িসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর গতিরোধ করে।
আসামিরা হাসান মাহমুদ ওরফে হাসান ঘিরে ধরে গালিগালাজ করে এবং ধারালো ছেনদা দিয়ে মাথায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। হাসান মাটিতে লুটিয়ে পড়লে তাঁর পায়ে ছেনদা দিয়ে কোপ দেওয়া হয়, হকিষ্টিক দিয়ে হাত ভেঙে দেওয়া হয় এবং লোহার হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়।
স্থানীয় লোকজন ও স্বজনরা হাসান মাহমুদ ওরফে হাসানকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে রাজশাহী পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফ সপোর্টে নেওয়া হয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় এই ঘটনায় হাসান মাহমুদ ওরফে হাসানের চাচা মোঃ মোতালেব হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে গত ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৮। পরবর্তীতে তার মৃত্যু হলে মামলাটি ৩০২/৩৪ (হত্যা) ধারায় রূপান্তরিত হয়।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনা শেষে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এই যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামিদের পূর্বে হাজতবাসের সময়কাল এই দণ্ডাদেশ হতে বাদ যাবে।
