রোহিঙ্গা ক্যাম্প
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলী। জেনারেটরের সঙ্গে তার ওড়না ও চুল পেঁচিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৩-এর ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, হাসপাতালের বিভিন্ন কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের একপর্যায়ে তিনি একটি জেনারেটরের কাছে গেলে আকস্মিকভাবে তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার মাথার চুলও জেনারেটরে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে ফারহানা হক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
